মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

তরুণদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে ঢাকায় স্কিলপাথ ২০২৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য প্রস্তুত করার লক্ষ্য নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী দক্ষতা শেখা ও ক্যারিয়ারভিত্তিক আয়োজন ‘স্কিলপাথ ২০২৬’।

যুব উন্নয়নমূলক সংগঠন তারুণ্য ৩৬০-এর উদ্যোগে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান ও ভবিষ্যতের কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে উৎসাহিত করাই স্কিলপাথ ২০২৬-এর অন্যতম উদ্দেশ্য। এ জন্য অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্রাফিক ডিজাইন ও ভিডিও সম্পাদনা, অ্যানিমেশন ও চলমান গ্রাফিক্স এবং ডিজিটাল বিপণনসহ বিভিন্ন চাহিদাসম্পন্ন ডিজিটাল দক্ষতা নিয়ে আলোচনা ও শেখার সুযোগ রাখা হয়।

আয়োজনটির উদ্দেশ্য ছিল শুধু নির্দিষ্ট কোনো প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া নয়। পাশাপাশি তরুণদের সামনে বিভিন্ন ক্যারিয়ার সম্ভাবনা তুলে ধরা, ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে ধারণা দেওয়া এবং নিজেদের আগ্রহ ও সক্ষমতার সঙ্গে মিল রেখে শেখার পথ বেছে নিতে সহায়তা করাও ছিল এর লক্ষ্য।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সদ্য স্নাতক, চাকরিপ্রার্থী, তরুণ পেশাজীবী এবং ডিজিটাল দক্ষতা অর্জনে আগ্রহীদের কথা বিবেচনায় রেখে পুরো আয়োজনটি পরিকল্পনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে ছিলেন ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান শাকাওয়াত হোসেন মামুন, কাজী ফার্মস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিসনোভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা ইসলাম এবং ইংলিশএটুজেড-এর প্রতিষ্ঠাতা সাব্বির সরকার।

স্কিলপাথ ২০২৬-এর সহযোগী হিসেবে যুক্ত ছিল ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ই-শিখন ও ওস্তাদ। আয়োজকদের মতে, এসব প্রতিষ্ঠানের অংশগ্রহণের ফলে তরুণদের পেশাগত দক্ষতা, শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা এবং ভবিষ্যতে শেখার বিভিন্ন সুযোগের সঙ্গে সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে।

এ ছাড়া দক্ষতা উন্নয়ন সহযোগী হিসেবে ছিল অভিপ্রায়। টি-শার্ট সহযোগী হিসেবে রক অ্যান্ড ড্রপ এবং প্রযুক্তিপণ্য সহযোগী হিসেবে গ্যাজেট রিভাইভসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান আয়োজনটিতে সহযোগিতা করে।

তারুণ্য ৩৬০-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুবিন ইসলাম লিখন। সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা এবং অর্থ ও জনসংযোগ পরিচালক হিসেবে রয়েছেন আলী আকবর রাফি।

আয়োজকদের ভাষ্য, শিক্ষা, দক্ষতা, নেতৃত্ব, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও পেশাগত বিকাশের মাধ্যমে তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে তারুণ্য ৩৬০। এরই ধারাবাহিকতায় স্কিলপাথ ২০২৬ তরুণদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

তরুণদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও পেশাগত প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে করার প্রত্যাশা জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, দক্ষ ও আত্মবিশ্বাসী যুবসমাজ গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতার সমন্বিত বিকাশও গুরুত্বপূর্ণ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর