ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল ও এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. এনামুল হক আজাদের আকস্মিক ইন্তেকালে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই বৈঠকে গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সংগঠনের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মাওলানা ইসমাইল ফারুককে মনোনীত করা হয়েছে।
রবিবার বিকেলে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ড. এনামুল হক আজাদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওইদিন রাত ১১টায় রাজধানীর মিরপুরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। পরদিন সোমবার বেলা ১১টায় ফেনীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ড. এনামুল হক আজাদের ইন্তেকালে সোমবার সকাল ৯টায় পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন নায়েবে আমির ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, ক্বারী ইউসুফ ছিদ্দিকী, অধ্যক্ষ শওকত হোসেন, ড. ইসমাইল হোসেন, কাজী আবু বক্কর সিদ্দিক, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মাকসুদুল্লাহ আমিনি, মাওলানা মীর বেলায়েত হোসেন ও অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিনসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা।
বক্তারা ড. এনামুল হক আজাদের সাংগঠনিক নিষ্ঠা, আত্মত্যাগ ও দ্বীনি খেদমতের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর মৃত্যুতে সংগঠনের যে শূন্যতা তৈরি হয়েছে, তা নিয়েও তারা শোক প্রকাশ করেন।
বৈঠকে গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী মাওলানা ইসমাইল ফারুককে সংগঠনের নতুন সেক্রেটারি জেনারেল এবং কামরুল ইসলাম বাবুলকে অফিস সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। একই সঙ্গে ড. আজাদের ইন্তেকালে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক ও সমবেদনা জানানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ ছাড়া আগামী ১ অক্টোবর মরহুম মাওলানা আব্দুর রহিম (র.)-এর ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনার সফল করার বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পরে ড. এনামুল হক আজাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস