ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে আবদুল মন্নান হাওলাদার (৫৫) নামে এক জেলে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডসংলগ্ন বিষখালী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আবদুল মন্নান ওই এলাকার মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে পানিতে পড়ে যান। আশপাশে থাকা অন্য ট্রলির জেলেরা তাকে পানিতে তলিয়ে যেতে দেখে উদ্ধারের চেষ্টা করেন। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ করেই আবদুল মন্নান নদীতে পড়ে যান। আশপাশের জেলেরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, বিষখালী নদীতে তীব্র স্রোত রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বরিশাল থেকে অভিজ্ঞ ডুবুরি দল রওনা হয়েছে। তারা পৌঁছালে উদ্ধার অভিযান শুরু করা হবে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডুবুরি দল পৌঁছানোর পর উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
এই বাংলা/এমএস