ফরিদপুরের নগরকান্দায় পুরোনো দোকানঘর ভাঙার সময় দেয়াল চাপা পড়ে শাহিন (১৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহিন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের কামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরকান্দা পৌরসভার সদর বাজারে জেলা পরিষদ অডিটোরিয়ামের পূর্ব পাশে শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের জাফর মেম্বারের দীর্ঘদিনের পুরোনো একটি আধাপাকা দোকানঘর ছিল। নতুন স্থাপনা নির্মাণের জন্য দোকানটি অপসারণের উদ্দেশ্যে গত ২৮ সেপ্টেম্বর ভাঙার কাজ শুরু করেন নির্মাণ শ্রমিকরা।
ভাঙার একপর্যায়ে দোকানের সামনের দেয়ালের একটি অংশ ধসে শাহিনের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে শাহিনের শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
নির্মাণ শ্রমিক শাহিনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই বাংলা/এমএস