মানিকগঞ্জের দৌলতপুরে চরাঞ্চলের খামারিদের জীবনমান উন্নয়ন ও প্রাণিসম্পদ বিকাশের লক্ষ্যে সুফলভোগীদের মাঝে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এমপি, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান, প্রকল্প পরিচালক ডাক্তার মোঃ আব্দুর রহিম, অতিরিক্ত সচিব মোঃ ইমাম উদ্দিন কবির এবং মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহিরুল ইসলাম।
এ সময় উপজেলার ২৫ জন প্রান্তিক খামারির প্রত্যেককে একটি করে বকনা বাছুর ও ৫০ কেজি করে পশুখাদ্য বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সুফলভোগী খামারিদের হাতে বকনা বাছুর ও পশুখাদ্য তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীবিধৌত চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও খামারিদের স্বাবলম্বী করে তুলতে এবং দেশে দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাফিজুর রহমান দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় যুব নেতা শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টারসহ আরও অনেকে।
এই বাংলা/এমএস