নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বপন চন্দ্র (৫০) নামে এক অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে অ্যাম্বুলেন্সচালক স্বপন চন্দ্র গুরুতর আহত হন। পরে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।
নিহত স্বপন চন্দ্র বগুড়া জেলার শেরপুর থানার ভাটরা গ্রামের মৃত গোবর্ধনের ছেলে।
পবা হাইওয়ে থানার এএসআই হায়দার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই বাংলা/এমএস