বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ের জগদল বাজারের মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সঙ্গে আট মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভস্থ সন্তান মৃত্যুর সঙ্গে ফার্মেসি বা সেখান থেকে দেওয়া ওষুধের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন তারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম সংলগ্ন জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফার্মেসির পক্ষ থেকে লিখিত বক্তব্যে এসব দাবি করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, জগদল বাজারে গর্ভবতী নারীদের সেবা দেওয়ার মতো কোনো নারী পল্লী চিকিৎসক না থাকায় ফার্মেসির সংশ্লিষ্টরা সেবামূলক কার্যক্রম শুরু করেন। গর্ভবতী নারীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ওজন ও রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন সেবা বিনামূল্যে দেওয়ার দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ২৭ আগস্ট থেকে কয়েকজন গণমাধ্যমকর্মীর নাম উল্লেখ করে ফার্মেসির পক্ষ থেকে টাকা দাবির কথা বলা হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মাতৃসেবা ফার্মেসি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তারা। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে বলেও দাবি করা হয়।

ফার্মেসির পক্ষ থেকে আরও দাবি করা হয়, আট মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভস্থ শিশুর মৃত্যুর সঙ্গে মাতৃসেবা ফার্মেসি বা ফার্মেসি থেকে দেওয়া কোনো ওষুধের সম্পর্ক নেই। এ বিষয়ে শারমিন আক্তার ও সামী মিজানুর রহমানের নামে একটি লিখিত বক্তব্য রয়েছে বলেও জানানো হয়। ওই বক্তব্যের মূল কপি সাংবাদিকদের দেখানো এবং ফটোকপি সরবরাহ করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাতৃসেবা ফার্মেসিতে অভিযান চালায়। অভিযানে একটি অ্যান্টিবায়োটিক-সংক্রান্ত অসতর্কতা বা কারিগরি কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় জরিমানা করা হয় বলে দাবি করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

ফার্মেসির মালিক মোছা. রোকসানা আক্তার অভিযোগ করেন, কিছু সংবাদে ভুল ওষুধ বা প্রেসক্রিপশনের কারণে শিশুর মৃত্যুর জন্য ফার্মেসিকে দায়ী করে মোবাইল কোর্টে জরিমানার কথা বলা হয়েছে। এ ধরনের তথ্য ও ব্যাখ্যার প্রতিবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন প্রচারণার কারণে অনেক গ্রাহক ও রোগী বর্তমানে ফার্মেসিতে আসা বন্ধ করে দিয়েছেন। এতে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিকভাবে মানহানির শিকার হচ্ছে।

ফার্মেসির পক্ষ থেকে বলা হয়, তারা সবসময় আসল ও মানসম্মত ওষুধ বিক্রির চেষ্টা করে আসছেন। আগের কোনো অসতর্কতার জন্য অনুতপ্ত এবং ভবিষ্যতে আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে সেবা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে অপপ্রচারের কারণে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া ভয় ও ভুল ধারণা দূর করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর রহিম ও এনামুল হক, সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম, কোষাধ্যক্ষ সাদেকুজ্জামানসহ প্রেসক্লাবের সদস্য এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর