মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গুরুদাসপুরে নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে এক তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামের বিরুদ্ধে। ওই নারী বিধবা ভাতার কার্ডসংক্রান্ত বিষয়ে চেয়ারম্যানের কাছে গেলে সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মেয়ের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে তাকে এমপির ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

ভুক্তভোগীর অভিযোগ, সেখানে একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন চেয়ারম্যান মনিরুল ইসলাম। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত চেয়ারম্যান পলাতক রয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, খুবজিপুর ইউনিয়নের শ্রীপুর এলাকার ৩৫ বছর বয়সী ওই নারীর স্বামীর সঙ্গে তালাক হয়ে যাওয়ার পর তিনি বাবা-মায়ের সঙ্গে বসবাস করছেন। তার বড় বোন বিধবা। বোনের মোবাইল ফোনের একই সিমে বিধবা ভাতা ও সন্তানের উপবৃত্তির টাকা নির্ধারণ করা থাকায় টাকা পাওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দেয়।

বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি ওই নারীকে নতুন একটি সিম নিয়ে তার বাড়িতে যেতে বলেন।

এজাহারে ভুক্তভোগী নারী দাবি করেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নতুন সিম নিয়ে তিনি চেয়ারম্যানের বাড়িতে যান। সেখানে কথাবার্তার একপর্যায়ে চেয়ারম্যান তাকে জানান, নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের বাড়িতে তার মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তি এসেছেন। তার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে চেয়ারম্যান ওই নারীকে নিয়ে এমপির বাড়ির উদ্দেশে রওনা হন।

ভুক্তভোগীর অভিযোগ, এমপির বাড়িতে গিয়ে কাউকে দেখতে না পেয়ে তিনি সেখান থেকে ফিরে আসতে চাইলে চেয়ারম্যান পেছন থেকে তাকে জাপটে ধরেন। পরে বাড়ির একটি ফাঁকা কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করেছেন ওই নারী।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান মনিরুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছেন। তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত পলাতক থাকায় এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর