রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বকশীগঞ্জে জিও ব্যাগের কাজে অতিরিক্ত বালু উত্তোলন-বিক্রির অভিযোগ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে নদীভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিংয়ের জন্য বালু উত্তোলনের ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বেশি বালু তোলার অভিযোগ উঠেছে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজিউর রহমান মোল্লার বিরুদ্ধে। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও বালু পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ অভিযোগ করেছেন।

স্থানীয়দের দাবি, সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খানপাড়া এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজে যতটুকু বালু প্রয়োজন, তার চেয়ে বেশি পরিমাণ বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত অতিরিক্ত বালুর একটি অংশ অন্যত্র নিয়ে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন গাজিউর রহমান মোল্লা। তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে গেছে। সেখানে বালু দেওয়া হচ্ছে।’

বালু পরিবহনের কাজে যুক্ত কয়েকজন গাড়িচালক বলেন, উত্তোলন করা পুরো বালু বকশীগঞ্জেই ব্যবহার করা হচ্ছে না। তাদের দাবি, এর একটি অংশ বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। মান্না নামে এক ব্যবসায়ী ওই বালু কিনেছেন বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে মান্নার ছেলে বাবুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা গাজিউর রহমান মোল্লার বালু। তাঁর সঙ্গে কথা বলেন।’

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। জিও ব্যাগ ডাম্পিং পানি উন্নয়ন বোর্ডের কাজ। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, ‘আমাদের ইমার্জেন্সি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ এক মাস আগেই শেষ হয়েছে। কেউ যদি বালু উত্তোলন করে রেখে বিক্রি করে, তাহলে সেটা আইনবহির্ভূত।’

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর