পিরোজপুর শহরের পুরাতন কাপুড়িয়াপট্টি ও কালীবাড়ি সড়কে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। রোববার (২৭ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে সহায়তার চেক ও নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক আবু সাঈদ।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ছয়টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে পাঁচজন দোকান মালিক ও চারজন ভাড়াটিয়া ব্যবসায়ী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। আকস্মিক এ ঘটনায় ব্যবসায়ীদের মালামাল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও জরুরি সহায়তার অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে জেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা ও পুনর্বাসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস