নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি’ (পিকেএসএস)-এর উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়।
পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার মূলধারায় ধরে রাখা এবং তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ এবং উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামানসহ অন্যরা।
গণশুনানিতে বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন।
এ সময় স্থানীয় ভুক্তভোগী ও সাধারণ মানুষ বিভিন্ন সেবাদানকারী দপ্তরের কর্মকর্তাদের কাছে তাদের সমস্যা, প্রত্যাশা ও বিভিন্ন দাবি তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে মতামত দেন।
এই বাংলা/এমএস