জামালপুরের বকশীগঞ্জে কৃষকদের জন্য বরাদ্দ করা সার ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়ার সময় সাত বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। জব্দ করা সারের মধ্যে দুই বস্তা পটাশ, দুই বস্তা টিএসপি ও তিন বস্তা ডিএপি রয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বকশীগঞ্জের কৃষকদের জন্য বরাদ্দ করা সার ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। পরে তিনি সারগুলো জব্দ করে বকশীগঞ্জে নিয়ে আসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘বকশীগঞ্জের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাত বস্তা সার জব্দ করি। এর মধ্যে দুই বস্তা পটাশ, দুই বস্তা টিএসপি ও তিন বস্তা ডিএপি রয়েছে।’
তিনি আরও বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে অন্যত্র চলে যেতে না পারে, সে জন্য উপজেলা কৃষি অফিস নিয়মিত নজরদারি করছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, সারগুলো বকশীগঞ্জ থেকে ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছিল। খবর পেয়ে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে নিয়ে এসেছেন।
ইউএনও জানান, পরবর্তীতে জব্দ করা সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
জব্দ করা সাত বস্তা সার বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।
এই বাংলা/এমএস