রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কাওলায় রাজউকের অভিযান, নকশাবহির্ভূত ৮ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর কাওলা এলাকায় নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে ১০টি ভবনে অভিযান চালিয়ে ৮টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ ছাড়া একটি ভবনের বিষয়ে রিট থাকায় আইন শাখার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের সাত দিনের মধ্যে ভবনটি ‘ভ্যাকেন্ট’ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে কাওলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উত্তরা জোনাল অফিস জোন-২/২-এর অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, মোবাইল কোর্টের নজরে নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিষয়টি এলে সংশ্লিষ্ট ভবনগুলোর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার জব্দ করা হয়েছে। পাশাপাশি একটি ভবনের বিষয়ে রিট থাকায় আইন শাখার মাধ্যমে সংশ্লিষ্টদের সাত দিনের মধ্যে ভবনটি ভ্যাকেন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজউক সূত্র জানায়, রাজধানীতে অবৈধ নির্মাণ, অনুমোদনহীনভাবে ভবন সম্প্রসারণ এবং ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নগর পরিকল্পনা ও নিরাপদ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করছে রাজউক।

সংশ্লিষ্টদের মতে, নকশাবহির্ভূত ও অননুমোদিত নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান রাজধানীর অপরিকল্পিত নির্মাণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবন নির্মাণে নাগরিকদের বিধিমালা মেনে চলার প্রবণতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

রাজউক কর্তৃপক্ষ নগরবাসীকে ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যেকোনো অনিয়ম বা অভিযোগের তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর অনুরোধ করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর