রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বকশীগঞ্জ সীমান্তে ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযান চলাকালে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাতানীপাড়া ইউনিয়নের দিগলকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন সাতানীপাড়া বিওপির একটি বিশেষ টহল দল চোরাচালানবিরোধী এ অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দিগলকোনা এলাকায় অভিযান পরিচালনা করে সাতানীপাড়া বিওপির বিশেষ টহল দল।

অভিযানের একপর্যায়ে সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে দিগলকোনা গ্রামের একটি স্থানে পরিত্যক্ত অবস্থায় ৫৬৭ পিস ভারতীয় প্রসাধনী পাওয়া যায়। পরে এসব কসমেটিকস জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, জব্দ করা কসমেটিকস পণ্যের বিষয়ে বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর