নাটোরের নলডাঙ্গায় সরকারি জায়গায় লাগানো চারটি আমগাছের বড় ডালপালা অনুমতি ছাড়া কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গাছ রোপণকারীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মোছা. মৌসুমি খাতুন (৩০)।
লিখিত বক্তব্যে মৌসুমি খাতুন অভিযোগ করেন, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় তাঁর বাবার বাড়ির সামনে সরকারি জায়গায় তাঁদের লাগানো চারটি ফলজ আমগাছের বড় বড় ডালপালা কেটে ফেলা হয়।
তিনি অভিযোগ করেন, স্থানীয় আশরাফ শাহ (৫০), তাঁর ছেলে শাকিল শাহ (২৮) এবং অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাঁদের বা সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই গাছগুলোর ডালপালা কেটে ফেলেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান মৌসুমি খাতুন।
অভিযোগের বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, সহকারী কমিশনার (ভূমি)কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস