রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, ছৈলার চরকে আধুনিক পর্যটনকেন্দ্র করার ঘোষণা

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলার কাঁঠালিয়া উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ছৈলার চরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে এবং কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন বলেন, ছৈলার চরকে সাংস্কৃতিক ভিলেজের পাশাপাশি দৃষ্টিনন্দন ও আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি জেলার পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী ওমর ফারুক। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পর্যটন খাতের সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

বক্তারা ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে পর্যটন খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোদ বরন জয়ধর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. আমানুল্লাহ সরকার, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম, রাজাপুর ইউএনও রিফাত আরা মৌরি এবং ঝালকাঠি সদর ইউএনও সেগুফতা মেহনাজ।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর