শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গুড়ায় সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে গণশুনানি অনুষ্ঠিত

ইশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি ও বেসরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সুশাসন জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধামরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাগরিক সমাজের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় বাংলাদেশ রুরাল ইকনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করে ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

কমিউনিটি স্কোরকার্ড ও গণশুনানি বাস্তবায়ন কমিটির সভাপতি জ্ঞানেন্দ্র নাথ মুরালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হাসান।

ভাঙ্গুড়া উপজেলা আদিবাসী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রনজিৎ বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্রেডের প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান, মিচমেথুইর দুর্গা মন্দিরের সভাপতি ডা. দুলাল সরকার, গ্রামপ্রধান শ্রীবাস মুড়রী, নিখিল বসাক, করতকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমৃত সরকার এবং স্থানীয় কমিউনিটি সদস্য অনিতা রানী।

উন্মুক্ত গণশুনানি পর্বে বিভিন্ন সরকারি-বেসরকারি সেবার মান, প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা ও জবাবদিহিতা নিয়ে অতিথিদের কাছে প্রশ্ন করেন স্থানীয় সেবাগ্রহীতা কৃষ্ণ বসাক, বৃষ্টি রানী, গান্ধী বসাক, সনজিৎ সিং ও নওমী রানীসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি সেবার মান বৃদ্ধিতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে সাধারণ মানুষ সহজে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন।

আয়োজকেরা জানান, ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান বাংলাদেশ এবং খ্রিস্টান এইডের অর্থায়ন ও সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন ব্রেডের হিসাবরক্ষক আবুল কালাম আজাদ।

এ সময় সাংবাদিক আবুজর গিফারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর