ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নবগঠিত কমিটির কার্যক্রম শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।
শনিবার সকালে উপজেলার ঐতিহাসিক খারঘর গণকবরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতারা বলেন, তাঁদের পিতারা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন। সেই আত্মত্যাগের স্মৃতি ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য রয়েছে সংগঠনটির।
অনুষ্ঠানে নবীনগর উপজেলার স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে নীরবতা পালন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস