রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় দুর্যোগে মা-শিশুর স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কর্মশালা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় প্রাকৃতিক দুর্যোগের সময় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় গোলখালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল প্যাদা।

কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আভাসের RMNCAH Project-এর গোলখালী ইউনিয়নের ইউনিয়ন সুপারভাইজার মো. মখলেছুর রহমান বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর তুলি বেগম ও কামরুন্নাহার পপি।

এতে ইউনিয়ন পরিষদের সদস্য, সিপিপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, স্থানীয় সুধীজন এবং আভাসের অন্তর্ভুক্ত সদস্যরা অংশ নেন।

কর্মশালায় দুর্যোগের সময় মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বাড়ানো, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা, মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং নারী ও শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া দুর্যোগের সময় গর্ভবতী মায়েদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দ্রুত সাইক্লোন শেল্টারে নেওয়া, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং গৃহপালিত পশুদেরও ঝুঁকিমুক্ত স্থানে স্থানান্তরের বিষয়েও আলোচনা হয়।

কর্মশালায় দুর্যোগকালীন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে একটি স্বাস্থ্য ব্যবস্থাপনা দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দুর্যোগের সময় স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য স্বাস্থ্যবিষয়ক একটি পরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর