তৈরি পোশাক খাতের রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও ব্যয়সাশ্রয়ী করতে মোংলা বন্দর ব্যবহারের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও মোংলা বন্দর কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় বিকেএমইএর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমসহ সংগঠনটির শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে মোংলা বন্দর ব্যবহার করে নিটওয়্যার পণ্য বিদেশে রপ্তানির সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং বন্দরভিত্তিক লজিস্টিক সুবিধা নিয়ে আলোচনা হয়। রপ্তানি কার্যক্রমে সময় ও ব্যয় কমানো এবং দেশের অন্যান্য সমুদ্রবন্দরের ওপর চাপ কমানোর বিষয়ও আলোচনায় আসে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, পোশাক খাতের উদ্যোক্তারা মোংলা বন্দরকে নিয়মিত পণ্য পরিবহনের রুট হিসেবে ব্যবহার করলে পণ্য খালাস, সংরক্ষণ ও জাহাজীকরণে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। রপ্তানিকারকদের অপারেশনাল জটিলতা ও বিলম্ব কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।
বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার ও মেরিন বিভাগের সদস্য, ট্রাফিক পরিচালক ও ডেপুটি ট্রাফিক ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেএমইএর পক্ষ থেকেও বন্দর ব্যবহারের ক্ষেত্রে রপ্তানিকারকদের বিভিন্ন প্রয়োজন ও প্রস্তাব তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা জানান, মোংলা বন্দর দিয়ে নিয়মিত নিটওয়্যার পণ্য রপ্তানি বাড়ানো গেলে দেশের সরবরাহব্যবস্থায় বিকল্প রুট তৈরি হবে। এতে রপ্তানিকারকদের জন্য পরিবহন ও বন্দর ব্যবস্থাপনায় নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
বৈঠকে উভয় পক্ষ পোশাক রপ্তানির ক্ষেত্রে মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে।
এই বাংলা/এমএস