প্রেমের সম্পর্কের পর বিয়ে হলেও স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেওয়ার অভিযোগে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। বর্তমানে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা এবং গর্ভে যমজ সন্তান রয়েছে বলে দাবি করেছেন।
স্বামীর স্বীকৃতি, অনাগত সন্তানের অধিকার ও নিরাপত্তার দাবিতে গত তিন দিন ধরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবস্থান করছেন মোছাঃ আর্নি আক্তার অনামিকা। তার অভিযোগ, বিয়ের পর ব্যবসার কথা বলে স্বামী তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিলেও পরে বিয়ে নিবন্ধনে টালবাহানা শুরু করেন।
অনামিকা বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের মাওলানা ভাসানি সড়কের বাসিন্দা। তার বাবার নাম মো. রফিক মির্জা। অভিযুক্ত মো. রাসেল মিয়া (২৬) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফা মিয়ার ছেলে।
অনামিকার ভাষ্য, ঢাকায় রাসেল মিয়ার সঙ্গে পরিচয়ের পর প্রায় দুই মাস তাদের মধ্যে কথাবার্তা হয়। একপর্যায়ে রাসেল তাকে বিয়ের প্রস্তাব দেন। পরে একজন হুজুরের মাধ্যমে তাদের বিয়ে হয়।
তিনি জানান, বিয়ের পর রাসেল ব্যবসার কাজে প্রায় আট মাস মিসরে ছিলেন। দেশে ফিরে ঢাকায় কিছুদিন তার সঙ্গে থাকার পর গ্রামের বাড়িতে যান। পরে ২০২৫ সালের ডিসেম্বরে তাকে কুড়িগ্রামে নিয়ে আসেন। প্রথমে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকায় রাসেলের মামার বাড়িতে ১০ দিন রাখার পর তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
অনামিকার দাবি, সেখানে চার মাস থাকার পর ব্যবসায় লোকসানের কথা বলে রাসেল তার কাছে পাঁচ লাখ টাকা চান। বিয়ে নিবন্ধনের আশ্বাসে বাবার জমি ও নিজের গহনা বিক্রি করে তিনি ওই টাকা দেন। পরে বিয়ে নিবন্ধনের জন্য চাপ দিলে রাসেল ও তার পরিবারের সদস্যরা টালবাহানা শুরু করেন।
অনামিকা আরও অভিযোগ করেন, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা এবং গর্ভে যমজ সন্তান রয়েছে। বিষয়টি স্বামী ও তার পরিবারকে জানালে তারা তা মেনে নেননি। উল্টো তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত রাসেল মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর চন্দ্র রায় জানান, মামলায় পাঁচজন আসামি রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি রাসেল মিয়াসহ বাকি দুজনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
তিনি আরও জানান, অভিযোগকারী নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রতিবেদনে তাকে তিন মাসের অন্তঃসত্ত্বা এবং তার গর্ভে যমজ সন্তান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এই বাংলা/এমএস