নাটোরের সিংড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মাদক একটি গুরুতর সামাজিক সমস্যা। এর বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আলী আজগর খান, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, পৌর বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মহিদুল ইসলাম, মিলন হোসেন এবং অ্যাডভোকেট শামীম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক ব্যবসা ও সেবন বন্ধে নিয়মিত অভিযান জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এই বাংলা/এমএস