শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য মিজ শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৭ নভেম্বর) তিনি দুটি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

সফরসূচি অনুযায়ী, শনিবার দুপুর ১টায় ঢাকার বনানীতে নিজ বাসভবন থেকে সড়কপথে ফরিদপুরের উদ্দেশে রওনা হন তিনি। বিকেল সাড়ে ৪টায় নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় টেকনাফে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলাকালে গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। নিহত তিতাস নগরকান্দা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের ভাগনে।

পরে সন্ধ্যা সাড়ে ৫টায় লস্করদিয়া ইউনিয়নের জঙ্গুরদী পশ্চিমপাড়ায় জাতীয়তাবাদী যুবদল নগরকান্দা শাখার সদস্য নাজমুল হোসাইন রাজুর মেয়ের মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সফর শেষে সন্ধ্যা ৭টায় নগরকান্দার লস্করদিয়া ইউনিয়ন থেকে ঢাকার বনানীর উদ্দেশে রওনা হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সফরসূচি বাস্তবায়নে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নগরকান্দা পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর