বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সহকারী সুপার রেজাউল করিম, মোজাম্মেল হোসেন ও শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোছা. সাবিনা খাতুন, মোছা. নার্গিস আক্তার, শ্রী বিদ্যুৎ কুমার, শহিদুল ইসলাম, রিপন মিয়া, সারোয়ার হোসেন, আব্দুর রউফ ও নাসরিন আক্তারসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী।
আলোচনা সভা শেষে ইসলামী সংগীত ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটি পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ঐক্য, সংহতি ও জাতীয় চেতনা জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।
এই বাংলা/এমএস