শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে বিএনপির দুই পক্ষের পৃথক র‍্যালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে বিএনপির দুই পক্ষের উদ্যোগে পৃথক বর্ণাঢ্য র‍্যালি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর সমর্থক জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামের নেতৃত্বে ঝাউতলা থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পিডিএসএ মাঠ, নিউমার্কেট, নতুনবাজার, সদর রোড, মহিলা কলেজ, পৌরসভা মোড় ও কাজীপাড়া রোড ঘুরে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর বাসার সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালির আগে যুবদল নেতা অ্যাডভোকেট আল আমিন সুজনের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া ও অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম।

অপরদিকে, বেলা সাড়ে ১১টায় পিডিএসএ মাঠ থেকে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনুর নেতৃত্বে আরেকটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নিউমার্কেট, থানাপাড়া রোড, নতুনবাজার ও সদর রোড হয়ে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।

এ পক্ষের র‍্যালির আগে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ এবং দিবস পালনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু।

এর আগে সকালে দুই পক্ষের নেতাকর্মীরা পৃথকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দুটি র‍্যালিতে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী অংশ নেন।

উভয় পক্ষের বক্তারা পতিত ফ্যাসিস্টের ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর