শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ি জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি হলেন অংগ্য মারমা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ি পার্বত্য জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে ৩৪ নম্বর সংরক্ষিত সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন যুবনেতা ও সাংবাদিক অংগ্য মারমা।

গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতীয় সংসদের প্যাডে দেওয়া এক চিঠিতে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা তাঁকে এ দায়িত্ব প্রদান করেন।

অংগ্য মারমা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গঞ্জপাড়ার বাসিন্দা। তিনি থোয়াই অংগ্য মহাজন ও আহ্লা মারমা দম্পতির ১০ সন্তানের মধ্যে পঞ্চম। তিনি বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সহসাধারণ সম্পাদক এবং মানিকছড়ি উপজেলা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতীয়তাবাদী কৃষক দলের সঙ্গেও যুক্ত রয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার আগে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। জাতীয় দৈনিক মানবকণ্ঠ, সরেজমিন বার্তা ও এই বাংলা পত্রিকার পাশাপাশি স্থানীয় দৈনিক অরণ্য বার্তা ও আলোকিত পাহাড় পত্রিকায় জেলা ও উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া অনলাইন সংবাদমাধ্যম সিএইচটি বার্তা, আজকের প্রতিদিন ও বার্তা বাজারে কাজ করেছেন তিনি। এসব গণমাধ্যমে কাজের মাধ্যমে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা, সুখ-দুঃখ ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন।

সাংবাদিকতার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এবং সমবায় অধিদপ্তরের অন্তর্ভুক্ত দি মারমা ক্রেডিট ইউনিয়নের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সামাজিক ও সমবায়মূলক কর্মকাণ্ডেও অংশ নিয়েছেন অংগ্য মারমা।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অংগ্য মারমা সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর