নিজের বাল্যবিয়ে রুখে এখন কিশোরীদের স্বপ্ন গড়ছেন সুইটি
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের প্রত্যন্ত দোলন গ্রামের তরুণী মোছা. সুইটি আক্তার একসময় নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে আলোচনায় এসেছিলেন। সেই ঘটনার এক দশক পর তিনি এখন গ্রামের শত শত কিশোরীর কাছে সচেতনতার প্রতীক হয়ে উঠেছেন।
কৃষক পরিবারের মেয়ে সুইটি বর্তমানে কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করেছেন। অবসর সময় তিনি গ্রামের কিশোরীদের নিয়ে বাল্যবিয়ের ক্ষতি, মাসিক স্বাস্থ্যবিধি ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সেশন পরিচালনা করেন।
সুইটি জানান, বড় বোনের অল্প বয়সে বিয়ে ও মাতৃত্বের কষ্ট দেখে তিনি অষ্টম শ্রেণিতে পড়ার সময় নিজের বাল্যবিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে টিউশনি করে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সমাজে সচেতনতা তৈরির কাজে যুক্ত হন।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, সুইটির উদ্যোগে এলাকায় বাল্যবিয়ে সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। অনেক পরিবার মেয়েদের অল্প বয়সে বিয়ে না দিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে।
বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আর্জিনা বেগম বলেন, সুইটির কাজের ফলে কিশোরী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ছে। তবে বাল্যবিয়ে পুরোপুরি বন্ধ করতে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
বাল্যবিয়ের পাশাপাশি সুইটি মাসিক স্বাস্থ্যবিধি, স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার এবং কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও কাজ করছেন। স্থানীয়দের আশা, তার এই উদ্যোগ আরও বিস্তৃত হলে এলাকার কিশোরীদের জীবনমান ও শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান, নির্বাহী সম্পাদক: নাসরিন আক্তার
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।