বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

 

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরোয়ার হোসেন হাওলাদার এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন শেখ।

টুর্নামেন্টে বালক ও বালিকা—দুই বিভাগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছয়টি দলে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কর্মদক্ষতা ও ক্রীড়ানৈপুণ্যের পরিচয় দিয়েছে। আন্তঃস্কুল, জেলা পর্যায় এবং প্রেসিডেন্ট কাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় সফলভাবে অংশ নিতে হলে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত অনুশীলন করতে হবে। একই সঙ্গে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকতে এবং মাদককে ‘না’ বলতে হবে।

তিনি আরও বলেন, মাদক একটি মানুষের জীবন ধ্বংস করে দেয়। অন্যদিকে খেলাধুলা একজন মানুষকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তোলে। এই আত্মবিশ্বাস শিক্ষাজীবনসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সহায়তা করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়