পাবনার ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং দলীয় সংগীতের সঙ্গে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে আলহাজ খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় উপজেলা তৃণমূল বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু।
বক্তব্যে জাকারিয়া পিন্টু বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সংকটময় পরিস্থিতিতে সিপাহি-জনতার সম্মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাৎ করে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। পরবর্তী সময়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেন।
তিনি আরও বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় জীবনে ভ্রাতৃত্ব ও সংহতির এক তাৎপর্যপূর্ণ দিন। তাঁর ভাষ্য অনুযায়ী, সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও একদলীয় শাসনের অবসান ঘটে এবং অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশ শৃঙ্খলার পথে ফিরে আসে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা তৃণমূল বিএনপির সদস্যসচিব মো. শাহাবুদ্দিন সেন্টু সরদার, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী খাঁন, পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন নিফা ও খন্দকার তৌফিক আলম সোহেল, সদস্যসচিব আনোয়ার হোসেন জনি, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম মুকুল, রাশেদুল ইসলাম রিপন ও মাহবুবুল আলম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান ফুল জুয়েলসহ অনেকে।
এই বাংলা/এমএস