শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মিগেলের মৃত্যুর পর তোপের মুখে সেই গোলরক্ষক, জাতীয় দল থেকে বাদ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

স্পেনের লা লিগা-২ প্রতিযোগিতায় ফুটবলার হেসুস দি মিগেলের মৃত্যুর ঘটনায় এখনও শোক কাটেনি। মর্মান্তিক ওই ঘটনার জন্য ফুটবলাঙ্গনের অনেকের মতে বড় দায় আছে প্রতিপক্ষ এফসি অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওয়োনো’র। বক্সের অনেক বাইরে গিয়ে টেনেরিফের আক্রমণ ঠেকাতে গিয়ে লাফিয়ে বল ক্লিয়ার করতে গেলে তার হাঁটু মিগেলের বুকে আঘাত করে।

মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে ৩০ বছর বয়সী টেনেরিফ ফরোয়ার্ডের কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদরোগে আক্রান্ত) হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর সকালে মারা যান মিগেল। ওই ঘটনায় বড় সব তারকা ফুটবলারদের পাশাপাশি ইউরোপের বিভিন্ন ক্লাবও শোক জানাচ্ছে। একইভাবে মর্মাহত হেসুস ওয়োনো-ও।

সেই রেশ ধরে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আফ্রিকা কাপ অব নেশন্স বাছাইপর্বের জন্য ইকুয়েটোরিয়াল গিনির জাতীয় দল থেকে গোলরক্ষক হেসুস ওয়োনোকে বাদ দেওয়ার কথা জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। মূলত তিনিও শোকের মধ্যে থাকায় তাকে খেলার বাইরে রাখতে চায় গিনি। ২৫ বছর বয়সী ওয়োনো কিশোর বয়স থেকেই ইকুয়েটোরিয়াল গিনির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলটির হয়ে গত তিনটি আফ্রিকা কাপ অব নেশনস আসরে অংশ নিয়েছেন।

২০২৭ সালের চূড়ান্ত পর্বের বাছাইপর্বে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত প্রথম দুটি ম্যাচে গোলপোস্ট সামলেছিলেন ওয়োনো। তবে ১২ নভেম্বর বাটাতে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ১৬ নভেম্বর হারারেতে ফিরতি ম্যাচে তিনি খেলতে পারবেন না। বুধবার এক বিবৃতিতে ওয়োনো জানিয়েছেন, ‘এগুলো আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। আমি ভাষা খুঁজে পাচ্ছি না, যা ঘটেছে তা মেনে নেওয়া আমার জন্য অত্যন্ত কষ্টসাধ্য।’

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর