দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগে গেল বছর বেশ হইচই পড়ে গিয়েছিল। তামিম ইকবালের বোর্ড দায়িত্ব গ্রহণের পর নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও পর্যালোচনা করতে স্বাধীন কমিটি গঠন করেছে।
পাঁচ সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিসিবির অ্যাডহক কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার রাশনা ইমামকে।
কমিটির অন্য তিন সদস্য হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার অনিতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। পঞ্চম সদস্য হিসেবে থাকবেন একজন সাবেক নারী ক্রিকেটার। তবে তার নাম এখনও চূড়ান্তভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তিনি জানান, ৪ জনের নাম চূড়ান্ত হয়েছে বাকি আরও একজনকে নেওয়া হবে। সাবেক ক্রিকেটার একজনকে যুক্ত করা হবে। দ্রুতই আমরা জানিয়ে দেব। অভিযোগ পাওয়া মাত্রই এখন থেকে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন তিনি।