বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ২৪ জুন, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি পৌরসভার উদ্যোগে আয়োজিত পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ঝালকাঠি মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৯ নম্বর ওয়ার্ড ও ৭ নম্বর ওয়ার্ডের দল মুখোমুখি হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৯ নম্বর ওয়ার্ড ৩-০ গোলের ব্যবধানে ৭ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে শিরোপা জয় করে। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

ম্যাচ শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন এবং অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাউসার হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আয়োজকদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি একটি ষাঁড় গরু এবং রানার-আপ দলকে একটি খাসি প্রদান করা হয়। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত খেলোয়াড়দের বিশেষ পুরস্কার দেওয়া হয়। খেলার রেফারি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও সম্মাননা উপহার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তারা তরুণদের নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

ব্যতিক্রমী পুরস্কার ও প্রাণবন্ত আয়োজন দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। উপস্থিত অনেকে এমন আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়