পৈত্রিক সম্পত্তি জালিয়াতির অভিযোগে আদালতের দ্বারস্থ সন্তান, ন্যায়বিচারের দাবি
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শুক্রবার, ১২ জুন, ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি :
রক্তের আত্মীয়দের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হয়েছেন এক ভুক্তভোগী সন্তান। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তার বাবার সম্পত্তি চাচা ও ফুফুদের একটি চক্র অবৈধভাবে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, ২০০৭ সালে সংশ্লিষ্ট মৌজার পৈত্রিক সম্পত্তিটি আইনগতভাবে মৃত ব্যক্তির নামে নামজারি (মিউটেশন) সম্পন্ন হয়। পরবর্তীতে ২০১০ সালে তার বাবা মারা যান। বাবার মৃত্যুর পর আইন অনুযায়ী ভুক্তভোগী সন্তানই ওই সম্পত্তির বৈধ ওয়ারিশ হিসেবে মালিকানা দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালে পূর্বের বৈধ নামজারি বহাল থাকা অবস্থায় কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই মৃত ব্যক্তির সম্পত্তি অন্য পক্ষের কাছে বিক্রি করা হয়। এতে বৈধ উত্তরাধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
ভুক্তভোগী বলেন, “আত্মীয়তার আড়ালে এমন বিশ্বাসঘাতকতা খুবই কষ্টদায়ক। আমি কারও অধিকার নিতে চাই না, শুধু বাবার বৈধ সম্পত্তির ন্যায্য অংশ চাই। বহু বাধা সত্ত্বেও আমি আইনের ওপর আস্থা রেখে লড়াই চালিয়ে যাচ্ছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। প্রভাবশালী একটি চক্র আইনি জটিলতা ও ক্ষমতার অপব্যবহার করে তাকে বঞ্চিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ রয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, বৈধ নামজারি বাতিল না করে একই সম্পত্তি পুনরায় অন্যের নামে বিক্রি বা হস্তান্তর করা আইনত অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতের কাছে ন্যায়বিচার এবং সম্পত্তি পুনরুদ্ধারের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।