শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে যুবকের মরদেহ উদ্ধার: ২৪ ঘণ্টার মধ্যে বড় বোন গ্রেপ্তার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় সদর উপজেলার মহারাজা দিঘীর পানিতে ভেসে ওঠা এক যুবকের মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় নিহতের বড় বোন মোছা. সমলা আক্তার (২৪)-কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ জুলাই সকাল সাড়ে ১২টার দিকে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় গ্রামের মহারাজা দিঘীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্ত হলে জানা যায়, তিনি সদর উপজেলার মালাদাম এলাকার বাসিন্দা মো. মানিক হোসেন (১৯)।

ঘটনার পর পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। প্রযুক্তিগত তথ্য, বিভিন্ন আলামত এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নিহতের বড় বোন সমলা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে সমলা আক্তার হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, ঘটনার পেছনে পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের বিষয় উঠে এসেছে। তবে এ সংক্রান্ত অভিযোগের সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তে হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর