নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরীর সদর থানার বহুল আলোচিত নাঈম মাঝি হত্যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার এজাহারভুক্ত নয়, এমন এক পলাতক আসামি মো. নাজমুল হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পিবিআই, গাজীপুর জেলা। গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
পিবিআই সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১০ অক্টোবর বিকেলে কাজের কথা বলে চট্টগ্রামের কর্ণফুলী থানার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রাজমিস্ত্রি নাঈম মাঝি (২৮)। নিখোঁজের পাঁচ দিন পর, ১৫ অক্টোবর গাজীপুর সদর থানার সামান্তপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা ও মরদেহ গোপনের অভিযোগে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলাটির গুরুত্ব বিবেচনায় তদন্তভার গ্রহণ করে পিবিআই। তদন্ত চলাকালে পূর্বে গ্রেপ্তার হওয়া এক আসামির ১৬৪ ধারার জবানবন্দি, তথ্যপ্রযুক্তির সহায়তায় সংগৃহীত তথ্য এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করে তদন্তকারীরা নাজমুল হোসেনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এর ধারাবাহিকতায় গত ২১ জুলাই ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে ঢাকার আশুলিয়ার জিরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে তার ভাড়া বাসা থেকে নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পিবিআই আরও জানিয়েছে, আলোচিত এ হত্যা মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক