বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক বালু ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে উপজেলার সবুজপুর, পোল্লাকান্দি ও বাসেতপুর এলাকায় ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া (২৫) উপজেলার ঝালরচর গ্রামের সোনা মিয়ার ছেলে। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা প্রশাসন জানায়, সবুজপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পরে বাসেতপুর এলাকায় অভিযান পরিচালনার সময় বাবুল মিয়াকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
একই দিনে পোল্লাকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে পরিচালিত আরেক অভিযানে আরও তিনটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়।
প্রশাসনের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি নদীভাঙন বৃদ্ধি, কৃষিজমির ক্ষতি এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এসব ক্ষতি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “নদী, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক