আফতাবনগরে অভিযান: ৯ হাজার ৮০০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০টি ইয়াবা, ২৫০ গ্রাম শীষা (হুক্কা তামাক) এবং শীষা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)-এর কোতয়ালী সার্কেলের একটি দল বাড্ডার আফতাবনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে আফতাবনগরের সেক্টর-১-এর ব্লক-এফ, রোড-৪, হাউস-২৬-এ অবস্থিত ‘ব্যাচেলর হ্যাভেন’ নামের একটি ভবনের অষ্টম তলার একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ৯ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম শীষা, একটি হুক্কা সেট, প্রায় ৯০০ গ্রাম কয়লা এবং তিনটি মোবাইল ফোন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. যুবরাজ (৩৯), মো. সোহেল আরমান জুয়েল (৩৪) এবং মো. আব্দুর রাজ্জাক (৩৮)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সঙ্গে গ্রেপ্তারদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
এ ঘটনায় পরিদর্শক মো. লোকমান হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় নিয়মিত মামলা করেছেন।
ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)-এর উপপরিচালক মো. রাজিউর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূল এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।”
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।