অষ্টগ্রামে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের অষ্টগ্রামে থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলার দেওঘর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, দেওঘর ইউনিয়নের সাভিয়ানগরে মাওলানা আব্দুল আলীর খানকা শরীফের সামনে পাকা সড়ক থেকে মো. সাহাবুদ্দিন ভূইয়া (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সদরয়নগর হামিদ ব্রিজের দক্ষিণ পাশ এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী অষ্টগ্রাম থানায় মামলা (এফআইআর নং-০৮, তারিখ: ১৫ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
একই দিনে পৃথক আরেকটি অভিযানে দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর এলাকায় হাজী লাল মিয়া মাদ্রাসার সামনে পাকা সড়ক থেকে ছন্টি মিয়া (৩২) ও আবুনী রবিদাস (৫৩)-কে গ্রেপ্তার করা হয়।
ছন্টি মিয়ার বাড়ি রংপুরহাটি গ্রামে এবং আবুনী রবিদাসের বাড়ি সাভিয়ানগর গ্রামে। তাদের কাছ থেকে মোট ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী অষ্টগ্রাম থানায় মামলা (এফআইআর নং-০৯, জিআর নং-৯৪, তারিখ: ১৫ জুলাই ২০২৬) রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জে পাঠানো হয়।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান বলেন, “মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।”
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।