শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুইজনকে জরিমানা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২২ জুন, ২০২৬

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং নদী ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মারিশ্যা ইউনিয়নের বিভিন্ন নদী ও ছড়া থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। স্থানীয়দের অভিযোগ এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে ঘটনাস্থলে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও সতর্ক করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, নদী ও ছড়া থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হতে পারে। তাই এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসন নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ, নদী রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল ও পরিবেশ-সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে আসবে এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনসহ পরিবেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর