তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শুরু হয়েছে। শ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখাতেই দ্রুততম সময়ে এই সভার আহ্বান করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।
বোর্ডের শিল্প শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রম আইন অনুযায়ী তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
মজুরি বোর্ডে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী অনোয়ার হোসেন, গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামসুদ্দিন এবং নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
এর আগে, গত রোববার শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে সংবাদ সম্মেলনে ছয় সদস্যের এ মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। একই দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।