নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসায়ীকে যৌন হয়রানি এবং পরবর্তীতে দোকান উচ্ছেদের হুমকির অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারী মোছা. মিনা বেগম (৩৭) বাদী হয়ে এই লিখিত অভিযোগটি জমা দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানাধীন বাসুদেবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে “নয়ন খাবার হোটেল” নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন সেনভাগ লক্ষীকোল গ্রামের বাসিন্দা মোছা. মিনা বেগম। অভিযুক্ত জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে ওই হোটেলে খাওয়া-দাওয়া করার সুবাদে মিনা বেগমকে বিভিন্ন সময় কুপ প্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন।
অভিযোগে বলা হয়, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১.০০ ঘটিকার সময় মিনা বেগম নিজ দোকানের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করছিলেন। এ সময় অভিযুক্ত জাহাঙ্গীর আলম আকস্মিকভাবে তার শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন। বাদী বাধা দিলে অভিযুক্ত দ্রুত দোকান থেকে সটকে পড়েন।
পরবর্তীতে একই দিন বিকেল ৪.০০ ঘটিকার সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে বকুল তলায় বাদীর স্বামী ও স্থানীয় আত্মীয়-স্বজনরা অভিযুক্তকে এই ধরনের আচরণের বিষয়ে নিষেধ করতে গেলে তিনি উল্টো গালিগালাজ করেন। একই সাথে ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে দেওয়ার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. মানিক (৩৫), মো. আলামিন (৩২) ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অফিস সহকারী মো. ফরিদ (৪৫) সহ আরো কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
ওসি বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
এই বাংলা/এমএস