শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বরাদ্দ স্কুল ফিডিং কর্মসূচির দুধ চুরির অভিযোগে মো. নাদিম মাহমুদ নামে এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্যপদসহ ছাত্রদলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল।

বহিষ্কৃত নাদিম মাহমুদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনের অনুমোদনে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাদিম মাহমুদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের নেতা-কর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, নেছারাবাদ উপজেলার দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত শুক্রবার স্কুল ফিডিং কর্মসূচির ৩০ প্যাকেট দুধ চুরির অভিযোগ ওঠে। বুধবার বিষয়টি প্রকাশ্যে এলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

অভিযোগ ওঠার পর বুধবার সকালে নাদিম মাহমুদ দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে যান। পরে ৩০ প্যাকেটের মধ্যে ২৭ প্যাকেট দুধ ফেরত দেন বলে জানা গেছে। এ সময় দুধ নেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, তারা তিন প্যাকেট দুধ খেয়েছেন।

ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা ছাত্রদলের নজরে আসে। এরপর বৃহস্পতিবার রাতে নাদিম মাহমুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাদিম মাহমুদের বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর