শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

চিলমারীতে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১; বাড়িতে আগুন

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. হুরমুজ আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের মধ্যে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হুরমুজ আলী ওই এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি সেলিম মেম্বারের পক্ষের লোক হিসেবে পরিচিত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ারহাট ইউনিয়নের সাবেক মেম্বার সেলিম ও স্থানীয় তোতা মিয়ার পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে মামলাও চলমান ছিল। সম্প্রতি একটি মামলায় সেলিম মেম্বারের পক্ষে রায় আসে।

এরপর বৃহস্পতিবার সকালে সেলিম মেম্বারের পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমি দখলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয়দের দাবি, এ সময় তোতা মিয়ার পক্ষ ট্রাক্টর ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষের একপর্যায়ে হুরমুজ আলী ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে রাজা মিয়া, তারিফুল ও শহিদ মিয়াসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে সংঘর্ষ চলাকালে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। আগুনে ওই বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নয়ারহাট ইউনিয়নের গ্রাম পুলিশ শ্রী গোবিন্দ বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। এ সময় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহত ব্যক্তির সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর