পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও তিনজন পালিয়ে যায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভোর ৫টার দিকে শারিয়ালজোত বিওপির একটি টহল দল মেইন পিলার-৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকায় সাত তরুণকে দেখতে পায়। তারা শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবির দাবি।
টহল দলের কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে চারজনকে আটক করেন। এ সময় অপর তিনজন পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মো. হাফিজুল ইসলাম (২১), সুনামগঞ্জ সদর উপজেলার মো. সাব্বির হোসেন (১৫), মো. রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার মো. শিপন মিয়া (১৯)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কাজের সন্ধানে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন।
আটক চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির টহল ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে।
এই বাংলা/এমএস