টাঙ্গাইলের নাগরপুরে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগে এনাম জাবির অমিওসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গয়হাটা গ্রামের আমিনুর রহমানের ছেলে এলাম জাবির অমিও (২১), আজগর আলীর ছেলে মো. মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে মো. জীবন হোসেন (২১) এবং মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অমিওকে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই গ্যাংয়ের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের কয়েকজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ
সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্যের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নাগরপুর থানা পুলিশ।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস