জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন নিশ্চিত করে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন’ কার্যক্রমে স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সম্মাননা প্রদান করেন।
স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সময়ানুবর্তিতা, তথ্যের নির্ভুলতা ও সেবার মান নিশ্চিত করার মাধ্যমে এ স্বীকৃতি অর্জন করায় রাসিকের স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। একই সঙ্গে এ কার্যক্রমে সহযোগিতা করার জন্য রাজশাহী মহানগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মাহফুজুর রহমান রিটন বলেন, ‘নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এই স্বীকৃতি প্রাপ্তি আমাদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
এই বাংলা/এমএস