পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নাঈমুজ্জামান মুক্তা পঞ্চগড়ে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূঁইয়ার ছেলে। তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ার পর পঞ্চগড়ের রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে তার বাবা মনু মিয়া পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন। ওই মামলায় নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার পাশাপাশি বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলাসহ নাঈমুজ্জামান মুক্তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই বাংলা/এমএস