সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

শ্রীপুরে আইনজীবীর পুকুরের মাছ ও গাছ কাটার অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে পুকুরের মাছ ও ফলদ-বনজ গাছপালার ক্ষতিসাধন, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে স্থানীয় ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন গাজীপুর জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. আবুল হাসেম মোড়ল।

গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগটি জমা দেওয়া হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর থানার ধলাদিয়া গ্রামের বাসিন্দা আইনজীবী মো. আবুল হাসেম মোড়ল তার প্রতিবেশী ৯ জনের বিরুদ্ধে এ অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন—মো. আসাদুজ্জামান বাদল (৫৫), লতিফ উদ্দিন (৫৮), লোকমান (৫২), জয়নাল (৩৫), জহিরুল ইসলাম (৩৫), ফয়সাল (২০), জিহাদ (২০), ফারুক (৫৫) ও ওমর ফারুক (২৬)। তাদের সবার বাড়ি ধলাদিয়া গ্রামে।

লিখিত অভিযোগে বাদী দাবি করেন, অভিযুক্তরা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা, জমি দখল ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। এসব কাজে বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিবাদী জয়নাল, জহিরুল, ফয়সাল, জিহাদ, ওমর ও লোকমান মিলে বাদীর পুকুর থেকে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকা মূল্যের চাষকৃত মাছ নিয়ে যান। একই সঙ্গে পুকুরের পাড়ে থাকা ১০ থেকে ১২টি আমগাছ থেকে বড়শি ও হাত দিয়ে কাঁচা-পাকা আম পেড়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য ১০ থেকে ১২ হাজার টাকা বলে দাবি করেছেন বাদী।

এ ছাড়া অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন ১ নম্বর বিবাদী আসাদুজ্জামান বাদল সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্য হওয়ার ক্ষমতা দেখিয়ে তার ভাই জয়নালের মাধ্যমে বাদীর জমির পাকা আরসিসি পিলার ক্ষতিগ্রস্ত করেন। একই সময় আম, সেগুন ও লটকন গাছ কেটে আনুমানিক ৮০ থেকে ৯০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদী আরও অভিযোগ করেন, এসব বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে অভিযুক্তরা তার বাবার নাম ধরে এবং ভাই-ভাতিজাদের নাম উল্লেখ করে প্রকাশ্যে গালিগালাজ করেন। তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি গ্রামে গেলে হত্যা এবং কেনা সম্পত্তি বেদখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা রামদা ও লাঠি হাতে প্রকাশ্যে চলাফেরা করায় বর্তমানে বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচারের স্বার্থে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে শ্রীপুর মডেল থানার কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী আইনজীবী মো. আবুল হাসেম মোড়ল।

তবে অভিযোগে আনা এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর