বরিশাল ব্যুরো :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির দুইটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে প্রার্থীদের নাম নিশ্চিত করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। অন্যদিকে ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনে প্রার্থী করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে।
দলীয় সূত্র জানায়, এর আগে প্রাথমিকভাবে ঘোষিত মনোনয়নগুলো যাচাই-বাছাই শেষে শনিবার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ঝালকাঠি-২ আসনে ইলেন ভুট্টো এবং ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামালের নাম আগেই প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল।
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির রাজনীতিতে পরিচিত একটি নাম। তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। দীর্ঘ বিরতির পর এবার আবারও দলীয় মনোনয়ন পাওয়ায় এলাকায় রাজনৈতিক আলোচনা জোরদার হয়েছে।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় ইলেন ভুট্টো বলেন, দলের দেওয়া দায়িত্ব তিনি মানুষের কল্যাণে কাজে লাগাতে চান। ঝালকাঠির মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করাই তার লক্ষ্য বলে তিনি জানান।
অন্যদিকে রফিকুল ইসলাম জামাল বিএনপির একজন দীর্ঘদিনের সক্রিয় নেতা। তিনি আগেও একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, মাঠপর্যায়ে তার সাংগঠনিক অবস্থান শক্ত।
মনোনয়ন প্রসঙ্গে রফিকুল ইসলাম জামাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতি করছেন। নির্বাচিত হলে নদীভাঙন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, কৃষি ও শিক্ষা খাতের উন্নয়নে অগ্রাধিকার দেবেন বলে জানান তিনি।
বিএনপির প্রার্থী চূড়ান্ত ঘোষণার ফলে ঝালকাঠির দুই আসনেই নির্বাচনী প্রস্তুতি নতুন গতি পেয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অভিজ্ঞ প্রার্থী ও সংগঠনের সক্রিয়তা আসন্ন নির্বাচনে এই দুই আসনকে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।
এই বাংলা/এমএস
টপিক

