পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস ছালাম শেখ ও কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখের নিঃশর্ত মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কদমতলা বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কদমতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা মো. রিয়াজ হোসেন উজ্জ্বল, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালিকিন তপন, কদমতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুকুল শেখ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ শেখ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মোল্লা।
এ সময় কদমতলা বাজার কমিটির সভাপতি মহসিন মোল্লা, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বাসুদেব সেন এবং নারী প্রতিনিধি সুমি আক্তারসহ স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, আবদুস ছালাম শেখ ও হাসিব শেখের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। তাঁদের দ্রুত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, আবদুস ছালাম শেখ ও হাসিব শেখ দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁদের মুক্তির দাবিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়েছেন।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়া না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে কদমতলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস